আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের গত ২০ বছরের যুদ্ধে খরচ হয়েছে ২.২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। নতুন এক গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়েছে। চলতি বছর মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেও খরচটি বাড়তে থাকবে বলেও জানানো হয়।
সম্প্রতি আমেরিকার ব্রাউন ইউনিভারসিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স গবেষণা রিপোর্টটি প্রকাশ করে। খবর বিজনেস ইনসাইডারের।
রিপোর্ট অনুসারে, মোট খরচের শতকরা ৪১ ভাগ বা ৯৩৩ বিলিয়ন ডলার এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওভারসিজ কন্টিনজেন্সি অপারেশন্স খাত থেকে। আফগান যুদ্ধের মোট খরচের ২৯৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে আফগান ফেরত সেনাদের চিকিৎসার জন্য।
গবেষণা রিপোর্ট বলা হয়, আফগান যুদ্ধের সরাসরি ফল হিসেবে এ পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তানে মারা গেছে দুই লাখ ৪১ হাজার মানুষ। এর মধ্যে রয়েছে দুই হাজার ৪৪২ জন মার্কিন সেনা, ছয়জন প্রতিরক্ষা দপ্তরের বেসামরিক লোক, তিন হাজার নয়শ ৩৬ জন মার্কিন ঠিকাদার এবং মিত্র জোটের এক হাজার একশ ৪৪ জন সেনা। যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে, পাকিস্তানের সেনা মারা গেছে নয় হাজার তিনশ ১৪ জন।
গবেষণা রিপোর্ট বলা হয়েছে, ৭১ হাজারের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে, যার মধ্যে ৪৭ হাজার আফগানিস্তানের ও ২৪ হাজার পাকিস্তানের। অন্য দিকে আফগান তালিবান মারা গেছে ৫১ হাজার এবং পাকিস্তানের তালিবান ও তালিবানপন্থি গেরিলা মারা গেছে ৩৩ হাজার।
এছাড়া আফগান যুদ্ধে ১৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী এবং ৫৪৯ জন ত্রাণ কর্মী নিহত হয়েছে।